sei orUNodoy theke
কোন সে প্রত্যুষ, আজ এই পশ্চিমাকাশে সূর্য হেলে পড়া বেলায়, আমার চেতনায় দেখা দেয়'_রাবীন্দ্রিক ভাষায় বেশ নাটকীয়ভাবে মঞ্চ ও টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আলী যাকের তাঁর স্মৃতিচারণামূলক বই 'সেই অরুণোদয় থেকে'র সূচনা করেছেন। আলী যাকের শুধু শক্তিমান অভিনয়শিল্পীই নন, পাশাপাশি মঞ্চের খ্যাতিমান নির্দেশক, একটি বিখ্যাত নাট্যদলের কর্ণধার, সাংস্কৃতিক আন্দোলনের নেতা, দেশীয় বিজ্ঞাপন শিল্পের পুরোধা, সফল ব্যবসায়ী, জনপ্রিয় টিভি উপস্থাপক, হালে বিভিন্ন পত্রিকায় কলাম লিখছেন। কোথায় নেই তাঁর গর্বিত পদচারণ? আজকের এই লেখা তাঁর লেখালেখিকে ঘিরেই। এবারের বইমেলায় প্রকাশিত তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'সেই অরুণোদয় থেকে' বিদগ্ধজনের দৃষ্টি আকর্ষণ যেমন করেছে, তেমনি সাধারণ পাঠকও মঞ্চ বা টেলি তারকা, যা-ই বলি না কেন, পর্দার ওপারের মানুষটির বর্ণাঢ্য জীবনের কথা জানতে আগ্রহী হয়েছে। যদিও এটি সম্পূর্ণ আত্মজীবনী নয়, বরং জীবনের এক খণ্ডাংশ। এখানে রয়েছে বোধে আর মননে তাঁর বড় হয়ে ওঠা, ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, চাকরির সুবাদে ঘুরে বেড়ানো এবং মূলত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। বইটি শেষও হয়েছে মুক্তিযুদ্ধফেরত আলী যাকেরের মানসিক অবস্থানের মধ্য দিয়ে। ভাবতে অবাক লাগে, ফেরার দিনটিতেই তিনি দ্বিধান্বিতভাবে ভাবছেন, 'এত মানুষের এত ত্যাগ, এত সম্ভ্রমহানি, এত আত্মাহুতি, যার ফসল আমার এই বাংলাদেশ। সব ঠিক থাকবে তো? অভীষ্ট লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারব তো? যে আদর্শ ও চেতনা নিয়ে, পূর্বাপর কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই চেতনা অটুট থাকবে তো?' প্রশ্ন জাগে, জানতে ইচ্ছে করে, কেন মেধাবী এই মুক্তিযোদ্ধার মনে সদ্য স্বাধীন দেশে ফেরার মুহূর্তটিতেই এই সংশয় জেগেছিল! কোন বিষয়টি তাঁর মনে খটকা জাগিয়েছিল, কী তাঁকে হতাশ করেছিল! তাঁর বই থেকেই জানা যায়, ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু পিতা মহকুমা হাকিম হওয়ায় চাকরিতে বদলির সুবাদে তিনি ঘুরে বেড়িয়েছেন মাদারীপুর, কুষ্টিয়া, ফেনী, কুমিল্লা, খুলনা ইত্যাদি এলাকাসহ বাংলাদেশের সর্বত্র। তাই মাটির সঙ্গে, মানুষের সঙ্গে সেই ছেলেবেলা থেকেই তাঁর নিবিড় সম্পর্ক। প্রকৃতি, নদী আর মানুষ কিভাবে তাঁর বোধের জগৎ প্রভাবিত করেছে, লিখেছেন বিস্তারিত। কোথাও হয়তো বেশি ভালো লেগেছে, কোথাও কম। কিন্তু সেই সময়ের শহরগুলোর বিস্তারিত বর্ণনা দিতে চেষ্টা করেছেন। আজকের পাঠক তাঁর নিজের শহরটির সঙ্গে সেই সময়ের শহরটিকে মিলিয়ে কতটা পরিবর্তন দেখতে পাবেন, গুণগত কোনো পরিবর্তন আদৌ কি হয়েছে, পরিবর্তনটি কি বেশিমাত্রায় ইতিবাচক, নাকি নেতিবাচক? এ এক সময়েরও কথন। আলী যাকেরের চোখ দিয়ে সেই সময়টিকে আমরা দেখি, যখন মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ছিল, সংসারে, জীবনযাপনে যৌথতা ছিল, মুখে হাসি আর চোখে সংশয় নিয়ে কেউ বন্ধু শব্দটি উচ্চারণ করত না। বাড়ির কাজের লোকটি সন্দেহের পাত্র না হয়ে সংসারের আপনজন হয়ে উঠত। আদরে-শাসনে কোলেপিঠে করে তারা বড় করে তুলত কোথাকার কোন অচেনা, অনাত্মীয় কর্মকর্তার সন্তানদের। আমাদের বোধের গভীরে তখন একটা হাহাকার জেগে ওঠে, একটি আহা বেরিয়ে আসে। কিন্তু আলী যাকের কোনো মনস্তাপ বা বিষণ্নতার ধার না ঘেঁষে গাবদাগুবদা, খাদ্যলোভী (কচু ফুলের রূপে মুগ্ধ হয়ে সেটাও কচকচিয়ে খেয়ে নিয়েছিলেন) আর কথায় কথায় ভ্যাঁ করে কেঁদে ফেলা বালকটির বড় হয়ে ওঠার অভিজ্ঞতাগুলো জানাতে থাকেন। তাঁর জীবনেও রয়েছে মৃত্যুর মিছিল। বলেছেন অল্প বয়সে মা, বাবা এবং মাতৃসম দিদির মৃত্যু মানসিকভাবে অনেকটাই আশ্রয়হীন করেছিল তাঁকে। মায়ের মৃত্যুর পর দীর্ঘ সময় লেখাপড়া করতে পারেননি। অনার্স পরীক্ষা বন্ধ হতে চলেছিল প্রায়। তবু একসময় শোক সামলে উঠেছেন, সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষা দেওয়ার। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় পেরেছেনও পরীক্ষা দিতে এবং ভালোভাবে পাসও করেছেন। কী চমৎকার এই মূল্যবোধ! যেমন শিক্ষকের, তেমনি ছাত্রেরও! মৃত্যু কি আমাদের স্থিতধীও করে না? করে বলেই হয়তো একাত্তরের ভয়বহতা তাঁকে হাতছানি দিয়েছে সব সুখ ছেড়েছুড়ে অসংখ্য মৃত্যুর মাঝে মৃতপ্রায় আরো অসংখ্যের জন্য কিছু করতে। তাই তিনি আমাদের স্বাধীনতাযুদ্ধের এক গর্বিত মুক্তিযোদ্ধা। সেই সময়ের বিশ্ববিদ্যালয়, এর পরিবেশ, বিশ্ববিদ্যালয়জীবন, বামপন্থী আন্দোলন, মুক্তিযুদ্ধপূর্ব উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, এর মাঝে আবার চাকরিসুত্রে পশ্চিম পাকিস্তানের জীবনযাপন_সব মিলিয়ে বইটি বেশ উপভোগ্য হয়ে উঠেছে। নাটকের অংশটি একেবারেই নেই এতে, তবে লেখক এ বইতেই জানাচ্ছেন যে নাটক অধ্যায় নিয়ে আরেকটি পূর্ণাঙ্গ বই অচিরেই আসছে। অভিজ্ঞতায় ঋদ্ধ সেই বইটিও পাঠকের মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা যায়। সেই অরুণোদয় থেকে। লেখক : আলী যাকের। প্রচ্ছদ : তামস রায়। প্রকাশক : ইত্যাদি গ্রন্থ প্রকাশ। মূল্য: ৩৩০ টাকা।..
- Brand: Ittadi Grantho Prokash
- Product Code: Ittadi
- Availability: In Stock
- ISBN: 9847028902715
- Total Pages: 240
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Publication Date: 2021-09-17
